স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬
ধারা ১৭ইউনিটের সদস্য কর্তৃক শৃঙ্খলা লঙ্ঘন
পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ
ধারা ১৭
17. ইউনিটের সদস্য কর্তৃক শৃঙ্খলা লঙ্ঘন যদি ইউনিটে প্রেষণে বা, ক্ষেত্রমত, পদায়িত কোনো সদস্য নিম্নবর্ণিত কোনো কার্য করেন, তাহা হইলে অনুরূপ কার্য শৃঙ্খলা লঙ্ঘন বলিয়া গণ্য হইবে এবং তাহার বিরুদ্ধে ধারা ১৮, ১৯, ২১ বা, ক্ষেত্রমত, ২২ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাইবে, যথা:- (ক) কর্তব্য পালনকালে মাতাল বা নেশাগ্রস্ত থাকেন; (খ) ইউনিটের কোনো কর্মরত সদস্যকে আঘাত করেন বা সদস্যের উপর বল প্রয়োগ করেন বা করিবার চেষ্টা করেন কিংবা অসদাচরণ করেন; (গ) কোনো গার্ড, চৌকি বা পেট্রোলে নিযুক্ত হইয়া ছুটি কিংবা ছাড়পত্র ব্যতিরেকে উহা পরিত্যাগ করেন বা ছাড়িয়া চলিয়া যান; (ঘ) গ্রেফতার কিংবা আটক থাকিয়া উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক মুক্তি না দেওয়া সত্ত্বেও গ্রেফতার বা আটকাবস্থা হইতে পালাইয়া যান; (ঙ) উর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্য করেন, অবাধ্যতা প্রকাশ করেন বা অশোভন আচরণ প্রদর্শন করেন; (চ) আইনসংগত কোনো কাজ করিতে অস্বীকার করেন; (ছ) কোনো চৌকি বা কুচকাওয়াজে কমান্ডার হিসাবে দায়িত্বে থাকিয়া তাহার অধীন কোনো সদস্যের বিরুদ্ধে অন্য কোনো ব্যক্তিকে আঘাত করা বা অন্য কোনোভাবে দুর্ব্যবহার, বা নির্যাতন করিবার কিংবা কোনো দাঙ্গা বা অনধিকার প্রবেশ করিবার অভিযোগ পাইয়া অভিযোগের সত্যতা থাকা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যথাসম্ভব আইনানুগ সহায়তা প্রদানে ব্যর্থ হন ও যথাযথ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করিতে অবহেলা করেন; (জ) পরিকল্পিতভাবে বা অবহেলাজনিত কারণে তাহার অস্ত্র, পোশাক-পরিচ্ছদ, হাতিয়ার, সাজ-সরঞ্জাম, গোলাবারুদ, সাঁজোয়া যানবাহন, প্রয়োজনীয় কোনো বস্তু বা তাহার হেফাজতে প্রদত্ত অন্য কোনো বস্তুর ক্ষতি সাধন করেন, হারাইয়া ফেলেন বা প্রতারণামূলকভাবে পরিত্যাগ করেন; (ঝ) কর্তব্যে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অসুস্থতার ভান করেন, ছল-চাতুরি করেন অথবা ইচ্ছাকৃতভাবে সুস্থতা অর্জনে বিলম্ব ঘটান বা অসুস্থতা বাড়াইয়া তোলেন; (ঞ) কর্তব্য পালন না করিবার উদ্দেশ্যে শারীরিকভাবে অক্ষমতা সৃষ্টির লক্ষ্যে নিজ দেহে বা অপর কাহারও দেহে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন; (ট) বলপূর্বক অর্থ আদায় করেন কিংবা কোনো আইনগত কর্তৃত্ব ব্যতিরেকে অন্যায়ভাবে কাহারও যানবাহন ব্যবহার করেন বা কোনো সেবা আদায় করেন; (ঠ) বলপূর্বক কোনো জমি বা ভূমি দখল করেন কিংবা কোনো আইনগত কর্তৃত্ব বা উপযুক্ত কোনো কর্তৃপক্ষের লিখিত নির্দেশনা ব্যতীত অন্যায়ভাবে কোনো জমি বা ভূমির দখল কাউকে বুঝিয়ে দেন; (ড) পরিকল্পিতভাবে বা অবহেলাজনিত কারণে জনস্বার্থে ব্যবহৃত ঘোড়া, কুকুর বা অন্য কোনো প্রাণীকে হত্যা বা আহত করেন বা এইরূপ কার্যের আলামত নষ্ট করিয়া ফেলেন বা উহাদের সহিত দুর্ব্যবহার করেন বা হারাইয়া ফেলেন; (ঢ) যেকোনো ধরনের সম্পদ চুরি করেন বা ধ্বংস করেন বা ক্ষতিগ্রস্ত করেন; (ণ) পরিকল্পিতভাবে বা অবহেলাজনিত কারণে কোনো অপরাধীকে আটক করিতে ব্যর্থ হন; (ত) পরিকল্পিতভাবে বা অবহেলাজনিত কোনো দায়িত্ব পালন করিতে ব্যর্থ হন; (থ) জুয়া, অবৈধ মাদকদ্রব্য বা নৈতিক স্খলনের সহিত জড়িত থাকেন; (দ) এই আইন বা বিধির কোনো বিধান পরিপালন করিতে অবহেলা বা শৈথিল্য প্রদর্শন করেন বা শৃঙ্খলা পরিপন্থি কোনো কার্য করেন বা বৈধ কোনো কার্য করা হইতে বিরত থাকেন; এবং (খ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য করেন।