Skip to content

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

ধারা ২৪অভিযোগ প্রতিকার কমিটি গঠন ও কার্যপরিধি

বলবৎষষ্ঠ অধ্যায় অভিযোগ প্রতিকার কমিটি গঠন, ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় অভিযোগ প্রতিকার কমিটি গঠন, ইত্যাদি

ধারা ২৪

24. অভিযোগ প্রতিকার কমিটি গঠন ও কার্যপরিধি (১) ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে কোনো ব্যক্তি দ্বারা উত্থাপিত অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিরসনের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ইউনিটের ১ (এক) জন অতিরিক্ত মহাপরিচালক, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (গ) পুলিশ অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন এআইজি পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) সরকার কর্তৃক মনোনীত আইন বা বিচার প্রশাসনে অন্যূন ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা রহিয়াছে এইরূপ ১ (এক) জন বিচার বিভাগীয় কর্মকর্তা; (ঙ) সরকার কর্তৃক মনোনীত মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে অন্যূন ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা রহিয়াছে এইরূপ ১ (এক) জন ব্যক্তি; এবং (চ) ইউনিটের পরিচালক (লিগ্যাল ও মিডিয়া), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) অভিযোগ প্রতিকার কমিটি কোনো ব্যক্তির অভিযোগ বা বাহিনীর সদস্যের সংক্ষোভ নিম্নবর্ণিত পদ্ধতিতে নিষ্পন্ন করিবেন, যথা:- (ক) কোনো ব্যক্তির অভিযোগ বা সংক্ষোভ নিরসনে নিজ উদ্যোগে বিভাগীয় কার্যপদ্ধতিতে অনুসন্ধান করিতে পারিবে; (খ) প্রয়োজনে, ব্যক্তির অভিযোগ বা সংক্ষোভ নিরসনে নিরপেক্ষ ও অভিজ্ঞ অনুসন্ধান দল গঠনপূর্বক বিভাগীয় কার্যপদ্ধতিতে অনুসন্ধান করিতে পারিবে; (গ) অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা প্রমাণিত হইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ প্রদান করিতে পারিবে; (ঘ) ইউনিটের কার্যক্রমে বিধিবহির্ভূত প্রভাব, পদোন্নতি, পদায়ন, বিভাগীয় শাস্তি, হয়রানি বা অন্যায্য আচরণ ইত্যাদি সংক্রান্ত সংক্ষোভ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করিতে পারিবে; (ঙ) ইউনিটের আইনানুগ কার্যক্রমে কোনো ব্যক্তি বা সত্তা বিধি বহির্ভূত ও অযাচিত প্রভাব বিস্তার করিলে এবং অনুসন্ধানে প্রমাণিত হইলে, উক্ত ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে দায়-দায়িত্ব নিরূপণপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট সুপারিশ করিতে পারিবে; এবং (চ) ব্যক্তির অভিযোগ বা বাহিনীর সদস্যের সংক্ষোভ নিরসন সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন মহাপরিচালকের মাধ্যমে সরকারের নিকট দাখিল করিবে। (৩) অভিযোগ প্রতিকার কমিটি কর্তৃক কোনো অভিযোগ অনুসন্ধান করিবার ক্ষেত্রে সাক্ষী ও দলিল উপস্থাপনের বিষয়ে উহার দেওয়ানি আদালতের অনুরূপ এখতিয়ার থাকিবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬