আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ২৪সংক্ষিপ্ত আদালত কর্তৃক বিচার্য অপরাধ ও দণ্ড
ষষ্ঠ অধ্যায় আদালত গঠন, বিচার ও দণ্ড
ধারা ২৪
24. সংক্ষিপ্ত আদালত কর্তৃক বিচার্য অপরাধ ও দণ্ড (১) ইউনিটের কোনো সদস্য কর্তৃক কৃত নিম্নবর্ণিত কোনো কার্য হইবে অপরাধ, যাহা সংক্ষিপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালত কর্তৃক বিচার্য হইবে, যথা:- (ক) ইউনিটের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, যন্ত্রাংশ বা যানবাহনের অংশবিশেষ পরিকল্পিতভাবে বিনষ্ট করা বা অবহেলার কারণে হারাইয়া ফেলা বা প্রতারণা বা জালিয়াতির আশ্রয় লইয়া তছরুপ করা; (খ) কর্তব্যরত অবস্থায় মাতাল হওয়া বা মাতলামি করা; (গ) কোনো প্রহরীর প্রতি আঘাত বা অপরাধজনক বল প্রয়োগ করা কিংবা বল প্রয়োগের চেষ্টা করা; (ঘ) যথাযথভাবে হস্তান্তরিত কোনো কয়েদি গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করা, কর্তৃত্ব বহির্ভূতভাবে কোনো কয়েদিকে মুক্তি প্রদান করা অথবা কর্তব্যে অবহেলার কারণে কোনো কয়েদির পলায়ন ঘটানো; (ঙ) কোয়ার্টার গার্ডের কমান্ডে থাকা অবস্থায় লিখিত আদেশ সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিকে অন্তরীণ না রাখা বা অন্তরীণ রাখিতে অস্বীকৃতি জ্ঞাপন করা বা অন্তরীণ রাখা ব্যক্তিকে স্বেচ্ছায় ছাড়িয়া দেওয়া; (চ) কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ডিউটি পোস্ট বা টহল পরিত্যাগ করা; (ছ) প্রহরারত অবস্থায় নিদ্রা গমন করা অথবা নিয়মিত পালাবদল বা ছুটি ব্যতিরেকে প্রহরা পরিত্যাগ করা; (জ) কোনো দায়িত্বপূর্ণ এলাকা, ডিউটি পোস্ট বা টহল দলের কমান্ডে থাকিয়া উক্ত দায়িত্বাধীন স্থলে মোতায়েনকৃত কোনো ব্যক্তিকে জুয়া খেলার অথবা শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ করিবার অনুমতি প্রদান করা; (ঝ) এই আইনের অধীন অন্তরীণ থাকাবস্থায়, আটকাদেশ হইতে অব্যাহতি পাইবার পূর্বে কৌশলে উক্ত স্থান ত্যাগ করা; (ঞ) দাপ্তরিক কর্মকান্ডে উর্ধ্বতন অফিসারের প্রতি অবাধ্যতা বা ঔদ্ধত্য প্রদর্শন করা; (ট) আদিষ্ট পুলিশি কার্য বা সহায়ক কর্ম সম্পাদনে অস্বীকৃতি জ্ঞাপন করা; (ঠ) ইউনিটের কোনো সদস্যকে শারীরিকভাবে আঘাত করিয়া জখম করা; (ড) কোনো ডিউটি পোস্ট বা নির্ধারিত এলাকার দায়িত্বে থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা না করা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করা; (ঢ) অধস্তন কর্তৃক সংঘটিত নির্যাতন, দুর্ব্যবহার বা দাঙ্গা সংক্রান্ত অভিযোগে প্রমাণ প্রাপ্ত হওয়া সত্ত্বেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যথাসম্ভব ক্ষতিপূরণ প্রদান করিতে ব্যর্থ হওয়া বা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করিতে ব্যর্থ হওয়া; (ণ) পরিকল্পিতভাবে, প্রতারণাপূর্বক বা অবহেলার কারণে তাহার হেফাজতে অর্পিত অস্ত্র, বস্ত্র, সরঞ্জাম, গোলাবারুদ, যানবাহন বা অন্য কোনো সরকারি উপকরণ ক্ষতিগ্রস্ত করা, হারাইয়া ফেলা বা কর্তৃত্ব বহির্ভূতভাবে হস্তান্তর করা; (ত) স্বীয় অসুস্থতা বা অক্ষমতার ভান করা, স্বেচ্ছায় অসুস্থ হওয়া, রোগের সংক্রমণ ঘটানো, আরোগ্য বিলম্বিত করা অথবা উহার প্রকোপ বৃদ্ধি করা; (থ) নিজেকে বা অপর কোনো ব্যক্তিকে কর্মে অনুপযুক্ত করিবার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা; (দ) অবৈধভাবে কোনো ব্যক্তি, পরিবহন, যানবাহন, ইত্যাদি হইতে জোরপূর্বক চাঁদা আদায় করা; (ধ) পরিকল্পিতভাবে বা অবহেলার কারণে তাহার দায়িত্বে থাকা সরকারি ঘোড়া বা সরকারি অন্য কোনো প্রাণীর প্রাণহানি করা বা জখম করা বা হারাইয়া ফেলা; (ন) ইউনিটের জ্যেষ্ঠ কোনো সদস্যের আইনানুগ আদেশ অমান্য করা; (প) পরিকল্পিতভাবে বা অবহেলার কারণে কোনো অপরাধীকে আটক করিতে অথবা অবহেলাজনিত কারণে তাহার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া; (ফ) কোনো সম্পত্তি লুট, ধ্বংস বা বিনষ্ট করা; এবং (ব) ইউনিটের কোনো সদস্যকে স্বেচ্ছায় আঘাত করা (voluntarily causing hurt), তাহাকে আক্রমণ করা (assault), বলপ্রয়োগ করা, অপরাধজনক বল প্রয়োগ করা (criminal force) (২) উপ-ধারা (১) এ বর্ণিত অপরাধ সংঘটনের ক্ষেত্রে সংক্ষিপ্ত আদালতে দোষী সাব্যস্ত হইলে অনধিক ৩ (তিন) বৎসর সশ্রম কারাদণ্ড ও আর্থিক ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থদণ্ড আরোপ করা যাইবে। (৩) সংক্ষিপ্ত আদালত এই ধারার অধীন শাস্তিযোগ্য যেকোনো অপরাধ স্বতঃপ্রণোদিত হইয়া অথবা কোনো ব্যক্তির দাখিলকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমলে নিতে পারিবে এবং এতদ্দ্বারা নির্দেশিত কার্যবিধি অনুসরণ করিবে।