আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ২৩বিশেষ আদালত কর্তৃক বিচার্য অপরাধ ও দণ্ড
ষষ্ঠ অধ্যায় আদালত গঠন, বিচার ও দণ্ড
ধারা ২৩
23. বিশেষ আদালত কর্তৃক বিচার্য অপরাধ ও দণ্ড (১) ইউনিটের কোনো সদস্য কর্তৃক কৃত নিম্নবর্ণিত কোনো কার্য হইবে অপরাধ, যাহা বিশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালত কর্তৃক বিচার্য হইবে, যথা:- (ক) বিদ্রোহ সংঘটন, উহাতে প্ররোচনা প্রদান, বিদ্রোহের কারণ সৃষ্টি, ষড়যন্ত্রে লিপ্ত হওয়া বা উহাতে যোগদান করা; (খ) বিদ্রোহ স্থলে উপস্থিত থাকিয়া উহা দমনের জন্য যথাসাধ্য প্রচেষ্টা গ্রহণ না করা; (গ) বিদ্রোহ সম্পর্কে জ্ঞাত থাকিয়া বা উক্তরূপ কোনো বিদ্রোহের অস্তিত্ব রহিয়াছে বলিয়া বিশ্বাস করিয়া ষড়যন্ত্রের কথা যুক্তিযুক্তভাবে জ্ঞাত থাকা সত্ত্বেও তাহার অধিনায়ক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত না করা; (ঘ) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদ্রোহের সহিত সংশ্লিষ্ট কোনো সদস্য বা আর্মড পুলিশ ব্যাটালিয়ন বহির্ভূত কোনো ব্যক্তিকে অস্ত্র, গোলাবারুদ বা দ্রব্য-সামগ্রী দ্বারা অথবা অন্য কোনো উপায়ে সহায়তা করা; (ঙ) বিদ্রোহের সহিত সম্পৃক্ত কোনো ব্যক্তির সহিত যোগাযোগ, গোয়েন্দা তথ্য ফাঁস, সহায়তা প্রদান, অন্য যেকোনো অপরাধ সংঘটন করা বা তৎসংক্রান্ত তথ্য গোপন করা; (চ) জ্ঞাতসারে উর্ধ্বতন কর্মকর্তার ওপর অপরাধজনক বল প্রয়োগ করা বা বল প্রয়োগের চেষ্টা করা; (ছ) ইউনিটের কোনো সদস্যকে সরকারের প্রতি তাহার কর্তব্য বা আনুগত্য হইতে বিরত রাখা; (জ) ক্যাম্প, ব্যাটালিয়ন সদর দপ্তর বা ব্যারাকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বিপদ সংকেতের কারণ ঘটানো বা প্রচার করা; এবং (ঝ) উপরি-উক্ত অপরাধসমূহ সংঘটনে সহায়তা করা। (২) উপ-ধারা (১) এ বর্ণিত অপরাধসমূহের ক্ষেত্রে বিশেষ আদালতে দোষী সাব্যস্ত হইলে, নিম্নবর্ণিত যেকোনো দণ্ড আরোপ করা যাইবে, যথা:- (ক) উপ-ধারা (১) এর দফা (ক) হইতে দফা (ঙ)-তে বর্ণিত অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অন্যূন ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থদণ্ড; বা (খ) উপ-ধারা (১) এর দফা (চ) হইতে দফা (ঝ)-তে বর্ণিত অপরাধের ক্ষেত্রে অনধিক ৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থদণ্ড। (৩) উপ-ধারা (১) এর দফা (ক) এ বর্ণিত যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর করিবার ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে। (৪) বিশেষ আদালত এই ধারার অধীন শাস্তিযোগ্য যেকোনো অপরাধ স্বতঃপ্রণোদিত হইয়া অথবা কোনো ব্যক্তির দাখিলকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমলে নিতে পারিবে এবং এতদ্দ্বারা নির্দেশিত কার্যবিধি অনুসরণ করিবে।