আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ২২বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন
ষষ্ঠ অধ্যায় আদালত গঠন, বিচার ও দণ্ড
ধারা ২২
22. বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন (১) ধারা ২৩ এ বর্ণিত অপরাধের বিচার করিবার জন্য বিশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালত এবং ধারা ২৪ এ বর্ণিত অপরাধের বিচার করিবার জন্য সংক্ষিপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালত নামে ২ (দুই) ধরনের আদালত গঠন করা যাইবে। (২) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, সরকারের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি বিশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালত গঠন করিতে পারিবেন, যথা:- (ক) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অন্যূন উপ-মহাপরিদর্শক পদের ১ (এক) জন কর্মকর্তা, যিনি ইহার সভাপতিও হইবেন; এবং (খ) পুলিশ সুপার পদের নিম্নে নহেন এইরূপ ২ (দুই) জন কর্মকর্তা: তবে শর্ত থাকে যে, অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশ সুপার বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা হন, তাহা হইলে দফা (খ) এ বর্ণিত সদস্যগণ হইবেন অভিযুক্ত ব্যক্তির উর্ধ্বতন পদমর্যাদার কোনো কর্মকর্তা। (৩) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ মহাপরিদর্শকের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি সংক্ষিপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালত গঠন করিতে পারিবেন, যথা:- (ক) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অন্যূন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদের ১ (এক) জন কর্মকর্তা, যিনি ইহার সভাপতিও হইবেন; এবং (খ) পুলিশ সুপার পদের নিম্নে নহেন এইরূপ ২ (দুই) জন কর্মকর্তা: তবে শর্ত থাকে যে, অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশ সুপার বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা হন, তাহা হইলে দফা (খ) এ বর্ণিত সদস্যগণ হইবেন অভিযুক্ত ব্যক্তির উর্ধ্বতন পদমর্যাদার কোনো কর্মকর্তা। (৪) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরকারের পক্ষে মামলা দায়ের ও পরিচালনা করিবার জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের অন্যূন ১ (এক) জন অতিরিক্ত পুলিশ সুপারকে আইন কর্মকর্তা হিসাবে নিয়োজিত করিতে পারিবেন। (৫) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, অভিযুক্ত ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে, তাহার পক্ষে আইনানুগ প্রতিনিধি হিসাবে মামলা শুনানির জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের কোনো পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করিতে পারিবেন।