ধারা ৪৪মহাবিদ্যালয় সম্পর্কিত সাধারণ বিধান
ধারা ৪৪
44. মহাবিদ্যালয় সম্পর্কিত সাধারণ বিধান (১) প্রত্যেক অধিভুক্ত বেসরকারী মহাবিদ্যালয় সর্বসাধারণের শিক্ষা প্রতিষ্ঠান হইবে এবং উহার সম্পূর্ণ তহবিল উহার দ্বারা শিক্ষা দানের উদ্দেশ্যে ব্যয় করা হইবে৷ (২) প্রত্যেক অধিভুক্ত বেসরকারী মহাবিদ্যালয় একটি গভর্ণিং বডি দ্বারা পরিচালিত হইবে এবং উক্ত গভর্ণিং বডির গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) প্রত্যেক অধিভুক্ত সরকারী মহাবিদ্যালয়ের গভর্ণিং বডি এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক প্রণীত বিধিমালা অনুসারে গঠিত হইবে৷ (৪) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বা প্রধান উহার অভ্যন্তরীণ প্রশাসন ও শৃংখলার জন্য দায়ী থাকিবেন৷ (৫) প্রত্যেক মহাবিদ্যালয় সিন্ডিকেটকে এই মর্মে সন্তুষ্ট করিবে যে, মহাবিদ্যালয়টিকে অব্যাহতভাবে এবং দক্ষতার সহিত রক্ষণাবেক্ষণের জন্য উহার পর্যাপ্ত আর্থিক সংগতি আছে৷ (৬) মহাবিদ্যালয় কর্তৃক ধার্যকৃত ছাত্র বেতন ও ফিস এতদুদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত সর্বনিম্ন হারের কম বা সর্বোচ্চ হারের অধিক হইবে না৷ (৭) প্রত্যেক মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংবিধি, অধ্যাদেশ ও প্রবিধান মানিয়া চলিবে৷ (৮) মহাবিদ্যালয়ে ছাত্র ভর্তি এতদুদ্দেশ্যে প্রণীত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষ হইবে৷ (৯) প্রত্যেক মহাবিদ্যালয় সাধারণতঃ বিশ্ববিদ্যালয়ের টার্ম, অবকাশ ও ছুটির সংগে সামঞ্জস্য রক্ষা করিবে৷ (১০) প্রত্যেক মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত রেজিষ্টার ও রেকর্ডপত্র সংরক্ষন করিবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক সময় সময় নির্দেশিত পরিসংখ্যানমূলক বা অন্যবিধ তথ্য সরবরাহ করিবে৷ (১১) প্রত্যেক মহাবিদ্যালয় প্রত্যেক বত্সর উহার বিগত বত্সরের কাজকর্মের উপর একটি প্রতিবেদন সিন্ডিকেটের নিকট তত্কর্তৃক নির্দিষ্ট তারিখের মধ্যে পেশ করিবে এবং এই প্রতিবেদনে মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা, কর্মচারী ও ছাত্র সংখ্যার কোন পরিবর্তন হইয়া থাকিলে উহার বিবরণ ও কারণ উল্লেখ থাকিবে এবং উহার সংগে আয়-ব্যয়ের হিসাব এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যও সন্নিবেশিত থাকিবে৷ (১২) বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে বিলুপ্ত কোন মহাবিদ্যালয়ের সম্পদ, এতদসংক্রান্ত ব্যবস্থার বর্তমানে সরকারের অনুমোদনক্রমে মহাবিদ্যালয়ের গভর্ণিং বডি বিলি বণ্টন করিবে৷ (১৩) সরকার কর্তৃক নির্ধারিত বিধি অনুসারে গভর্ণিং বডি মহাবিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মচারীর জন্য ভবিষ্য-তহবিল গঠন করিবে৷ (১৪) বেসরকারী মহাবিদ্যালয়ের মালিকানাধীন অথবা উহার গভর্ণিং বডির নিয়ন্ত্রণাধীন অছি-তহবিল মহাবিদ্যালয়ের হিসাব নিকাশে পৃথকভাবে দেখাইতে হইবে৷ (১৫) বেসরকারী মহাবিদ্যালয়ের মালিকানাধীন অথবা উহার গভর্ণিং বডির নিয়ন্ত্রণাধীন তহবিল বা অছি-তহবিল বিনিয়োগের জন্য আইন দ্বারা অনুমোদিত সম্পত্তি বা ঋণ বা সম্পত্তির নিদর্শনপত্রে বা সরকার কর্তৃক সময় সময় অনুমোদিত অন্যান্য শ্রেণীর ঋণে বা সম্পত্তির নিদর্শনপত্রে বিনিয়োগ করিতে হইবে৷