ধারা ২৩সিন্ডিকেট
ধারা ২৩
23. সিন্ডিকেট (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ডীন; (ঙ) নিম্নবর্ণিত দুই গ্রুপ হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে দুইজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যথা:- গ্রুপ ক- ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন এবং শিক্ষা; গ্রুপ খ- প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান এবং আইন; (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত কলেজের তিনজন অধ্যক্ষ, যাঁহাদের মধ্যে অন্ততঃ একজন স্নাতক-সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানকারী কলেজের অধ্যক্ষ এবং একজন মহিলা কলেজের অধ্যক্ষা হইবেন; (ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন সচিবের পদমর্যাদাসম্পন্ন দুইজন সরকারী কর্মকর্তা; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ, যাঁহারা বিশ্ববিদ্যালয়ের বেতনভোগী সদস্য নহেন; (ঝ) সিনেট কর্তৃক মনোনীত একজন বিশিষ্ট পেশাজীবি নাগরিক৷ (২) সিন্ডিকেটের মনোনীত সদস্য তাঁহার মনোনয়নের তারিখ হইতে দুই বত্সর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাঁহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন: তবে আরও শর্ত থাকে যে, কোন ব্যক্তি যদি ডীন, অধ্যাপক, অধ্যক্ষ বা সরকারী কর্মকর্তা হিসাবে সিন্ডিকেটের সদস্য হইয়া থাকেন, তাহা হইলে তিনি যতদিন পর্যন্ত অনুরূপ ডীন, অধ্যাপক, অধ্যক্ষ বা সরকারী কর্মকর্তা থাকিবেন ততদিন পর্যন্তই তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন৷