Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

ধারা ২৪সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্ব

বলবৎ

ধারা ২৪

24. সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্ব (১) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী সংস্থা হইবে এবং আইন বা অর্ডার এর বিধান এবং ভাইস-চ্যান্সেলর ও কর্তৃপক্ষ এর উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াকলাপ এবং আর্থিক বিষয়াবলীর উপর সাধারণ ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীদের উপর তত্ত্বাবধানের ক্ষমতা রাখিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীনে প্রয়োগযোগ্য ক্ষমতা ও সামগ্রিকতা ক্ষুণ্ন্ন না করিয়া সিন্ডিকেট বিশেষতঃ - (ক) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি অর্জন ও তহবিল সংগ্রহ করিবে, উহা অধিকারে রাখিবে এবং নিয়ন্ত্রণ ও পরিচালনা করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের সাধারণ সীলমোহরের আকার ও প্রকৃতি নির্ধারণ এবং উহার হেফাজতের ব্যবস্থা ও ব্যবহার পদ্ধতি নিরূপণ করিবে; (গ) কমিশন হইতে প্রাপ্ত মঞ্জুরী ও নিজস্ব উত্স হইতে প্রাপ্ত আয়ের সহিত সামঞ্জস্য রাখিয়া, বিশ্ববিদ্যালয়ের বাজেট বিবেচনা ও অনুমোদন করিবে; (ঘ) সাধারণ বা বিশেষ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়কে প্রদত্ত সকল তহবিল পরিচালনা করিবে; (ঙ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে কোন কলেজের অনুমোদন দান, স্থগিত বা বাতিল করিবে; (চ) কলেজের নিয়মিত পরিদর্শন এবং কলেজ এবং উহাতে কর্মরত ব্যক্তিদের মূল্যায়নের ব্যবস্থা করিবে; (ছ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে কলেজ শিক্ষক ও কলেজের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশিক্ষণ সংগঠনও পরিচালনা করিবে; (জ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে, বিশ্ববিদ্যালয় এবং কলেজের পরীক্ষা অনুষ্ঠান এবং উহার ফল প্রকাশের ব্যবস্থা করিবে; (ঝ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে নতুন শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম, প্রাগ্রসর শিক্ষা কেন্দ্র স্থাপন, আন্তঃবিভাগীয় এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক নতুন শিক্ষণ, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম চালু বা বন্ধ এবং পুরাতন কার্যক্রম বাতিল করিতে পারিবে; (ঞ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ ও সাময়িকভাবে স্থগিত করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোন পদের জন্য আর্থিক সংস্থান হইবার পূর্বে উহা সৃষ্টি করা যাইবে না; (ট) এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, তাঁহাদের দায়িত্ব নির্ধারণ ও চাকুরীর শর্তাবলী স্থির এবং তাঁহাদের কোন পদ অস্থায়ীভাবে শূন্য হইলে সেই পদ পূরণের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (ঠ) সিনেট এর অনুমোদন সাপেক্ষে, সংবিধি প্রণয়ন, সংশোধন ও বাতিল করিতে পারিবে; (ড) বিশ্ববিদ্যালয় অথবা কলেজের কোন শিক্ষক অথবা স্কলারকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাঁহার বিশেষ অবদানের জন্য মেধা ও মনীষার স্বীকৃতি এবং কোন কলেজকে উহার সার্বিক যোগ্যতার স্বীকৃতি হিসাবে পুরস্কৃত করিতে পারিবে; (ঢ) সংবিধি দ্বারা প্রদত্ত অন্য যে কোন দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷

End of ধারা ২৪.

সূচিপত্র দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২