Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

ধারা ৪০কলেজ সম্পর্কিত সাধারণ বিধান

বলবৎ

ধারা ৪০

40. কলেজ সম্পর্কিত সাধারণ বিধান (১) প্রত্যেক কলেজ সর্বসাধারণের শিক্ষা প্রতিষ্ঠান হইবে৷ (২) প্রত্যেক কলেজ একটি গভর্ণিং বডি দ্বারা পরিচালিত হইবে এবং উক্ত গভর্ণিং বডির গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) প্রত্যেক কলেজের অধ্যক্ষ উহার অভ্যন্তরীণ প্রশাসন ও শৃংখলার জন্য দায়ী থাকিবেন৷ (৪) প্রত্যেক কলেজ সিন্ডিকেটকে এই মর্মে সন্তুষ্ট করিবে যে, কলেজটিকে অব্যাহতভাবে এবং দক্ষতার সহিত পরিচালনার জন্য উহার যথেষ্ট আর্থিক সংগতি রহিয়াছে৷ (৫) কোন কলেজ কর্তৃক ধার্যকৃত ছাত্র বেতন ও অন্যান্য ফীস এতদ্‌সম্পর্কিত বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন হারের কম বা সর্বোচ্চ হারের অধিক হইবে না৷ (৬) প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংবিধি, রেগুলেশন ও প্রবিধান মানিয়া চলিবে৷ (৭) প্রত্যেক কলেজে ভর্তি এতদুদ্দেশ্যে প্রণীত বিশ্ববিদ্যালয় রেগুলেশন ও প্রবিধান দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে হইবে৷ (৮) প্রত্যেক কলেজ সাধারণতঃ বিশ্ববিদ্যালয়ের টার্ম, অবকাশ ও ছুটির সহিত সামঞ্জস্য বিধান করিয়া চলিবে৷ (৯) প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত রেজিস্ট্রার ও রেকর্ডপত্র সংরক্ষণ করিবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক সময় সময় নির্দেশিত তথ্যাবলী সরবরাহ করিবে৷ (১০) প্রত্যেক কলেজ প্রতি বত্সর ৩১শে ডিসেম্বর তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষা বত্সরের কাজকর্মের একটি প্রতিবেদন কলেজ পরিদর্শকের নিকট পেশ করিবে যাহাতে শিক্ষকসংখ্যা ও ব্যবস্থাপনা ক্ষেত্রে কোন পরিবর্তন হইয়া থাকিলে উহার বিবরণ ও প্রেক্ষিত, ছাত্রসংখ্যা, আয় ব্যয়ের হিসাব এবং অন্যান্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্যাবলী সন্নিবেশিত থাকিবে৷

End of ধারা ৪০.

সূচিপত্র দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২