পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬
ধারা ১১বোর্ডের সভা
তৃতীয় অধ্যায় কার্য পরিচালনা
ধারা ১১
11. বোর্ডের সভা (১) বোর্ড উহার কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের প্রয়োজনে যতবার প্রয়োজন ততবার সভায় মিলিত হইবে : তবে শর্ত থাকে যে, প্রত্যেক দুই মাসে অন্ততঃ একবার বোর্ড সভায় মিলিত হইবে৷ (২) বোর্ডের সভা চেয়ারম্যান অথবা, তাঁহার অবর্তমানে, ভাইস-চেয়ারম্যান কর্তৃক আহূত হইবে৷ (৩) বোর্ডের কোন বিশেষ সভা আহবান করা হইবে, যদি- (ক) চেয়ারম্যান অথবা, তাঁহার অবর্তমানে, ভাইস-চেয়ারম্যান ইহা প্রয়োজনীয় বলিয়া মনে করেন; (খ) ব্যবস্থাপনা পরিচালক অনুরোধ করেন; অথবা (গ) সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুরোধ করেন৷ (৪) সভার কোরামের জন্য অন্যুন পাঁচজন সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷ (৫) যদি কোন সভায় কোরাম পূর্ণ না হয় তাহা হইলে সভা পরবর্তী কার্যদিবস পর্যন্ত মূলতবী থাকিবে এবং ঐ দিন পূর্ব দিনের নির্ধারিত স্থানে ও সময়ে সভা অনুষ্ঠিত হইবে৷ (৬) যদি মুলতবী সভায় কোরাম পূর্ণ না হয় তাহা হইলে সভায় উপস্থিত সদস্য দ্বারা কোরাম গঠিত হইবে এবং সভার কার্য পরিচালনা করা যাইবে৷ (৭) বোর্ডের সভায় সকল প্রশ্ন উপস্থিত এবং ভোটদানকারী সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে নিষ্পত্তি হইবে তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে৷ (৮) বোর্ডের চেয়ারম্যান উহার সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহাদের উভয়ের অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে নির্বাচিত কোন সদস্য উহাতে সভাপতিত্ব করিবেন৷ (৯) ব্যবস্থাপনা পরিচালক বোর্ডের যে কোন সভায় যোগদান করিতে পারিবেন এবং কার্যধারায় অংশগ্রহণ করিতে পারিবেন, কিন্ত কোন ভোট দিতে পারিবেন না৷ (১০) এই ধারার বিধান সাপেক্ষে, বোর্ডের সভার সময়, স্থান এবং আহ্বান-পদ্ধতি সম্পর্কিত সকল বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷ (১১) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড প্রবিধান দ্বারা এইরূপ বিধান করতে পারিবে যে, কোন বিষয়ে সকল সদস্যের স্বাক্ষরযুক্ত সিদ্ধান্ত বোর্ডের সভায় গৃহীত সিদ্ধান্তের ন্যায় কার্যকর বলিয়া গণ্য হইবে৷
সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬