ধারা ২৯কমিটি গঠন ইত্যাদি
ধারা ২৯
29. কমিটি গঠন ইত্যাদি [(১) পরিষদ উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদন করিবার জন্য পরিষদ গঠিত হইবার পর ভাইস চেয়ারম্যান বা সদস্য বা [নারী] সদস্যগণ সমন্বয়ে নিম্নবর্ণিত বিষয়াদির প্রত্যেকটি সম্পর্কে একটি করিয়া কমিটি গঠন করিবে, যাহার মেয়াদ সর্বোচ্চ দুই বৎসর ছয় মাস হইবে, যথাঃ- (ক) আইন-শৃঙ্খলা; (খ) যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন; (গ) কৃষি ও সেচ; (ঘ) মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা; (ঙ) প্রাথমিক ও গণশিক্ষা; (চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ; (ছ) যুব ও ক্রীড়া উন্নয়ন; (জ) [নারী] ও শিশু উন্নয়ন; (ঝ) সমাজকল্যাণ; (ঞ) মুক্তিযোদ্ধা; (ট) মৎস্য ও প্রাণিসম্পদ; (ঠ) পল্লী উন্নয়ন ও সমবায়; (ড) সংস্কৃতি; (ঢ) পরিবেশ ও বন; (ণ) বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ; (ত) অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ; (থ) জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ। (২) পরিষদের ভাইস চেয়ারম্যানের মধ্য হইতে কমিটির সভাপতি নির্বাচিত হইবেন। (৩) সংশ্লিষ্ট বিভাগের উপজেলা অফিসার এই ধারার অধীন গঠিত কমিটির সদস্য-সচিব হইবেন এবং পরিষদে হস্তান্তরিত নয় এমন বিষয় সম্পর্কিত কমিটির সদস্য-সচিব হিসাবে একজন কর্মকর্তাকে উপজেলা পরিষদ নির্ধারণ করিবে। (৪) কমিটি অন্যূন ৫ (পাঁচ) জন এবং অনূর্ধ্ব ৭ (সাত) জন সদস্য সমন্বয়ে গঠিত হইবে এবং কমিটি, প্রয়োজনবোধে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কোন ব্যক্তিকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত (Co-opt)করিতে পারিবে। (৫) কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিটিতে অন্তর্ভুক্ত সদস্য (Co-opt member)এবং সদস্য-সচিবের কোন ভোটাধিকার থাকিবে না। (৬) প্রত্যেক কমিটির সভা প্রতি দুই মাসে অন্যূন একবার অনুষ্ঠিত হইবে। (৭) নিম্নলিখিত কারণে পরিষদ কোন কমিটি ভাঙ্গিয়া দিতে পারিবে, যথাঃ- (ক) উপ-ধারা (৬) অনুযায়ী নিয়মিত সভা অনুষ্ঠানে ব্যর্থ হইলে; এবং (খ) এই আইন বা তদ্ধীন প্রণীত বিধির বিধান বহির্ভূত কোন সিদ্ধান্ত গ্রহণ করিলে বা কাজ করিলে।]