ধারা ১৪দাবি পরিত্যাগ সাপেক্ষে ট্রেডমার্ক নিবন্ধন
দ্বিতীয় অধ্যায় নিবন্ধক, পেটেণ্ট, ডিজাইন ও ট্রেডমার্কস রেজিস্ট্রি এবং নিবন্ধনের শর্ত
ধারা ১৪
14. দাবি পরিত্যাগ সাপেক্ষে ট্রেডমার্ক নিবন্ধন যদি কোন ট্রেডমার্কে- (ক) এমন কোন অংশ থাকে, যাহা স্বত্বাধিকারীর নামে ট্রেডমার্ক হিসাবে পৃথকভাবে নিবন্ধিত হয় নাই, বা উক্ত অংশের জন্য পৃথকভাবে নিবন্ধনের আবেদন করা হয় নাই, বা (খ) সংশ্লিষ্ট ব্যবসার সহিত সাধারণভাবে বা অন্য কোনভাবে স্বাতন্ত্র্যসূচক নয় এমন বৈশিষ্ট্যের কোন বিষয় থাকে, তাহা হইলে, ট্রেডমার্কটি নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করা হইবে কিনা বা উহা নিবন্ধন বহিতে বহাল থাকিবে কিনা উহা বিবেচনাকালে ট্রাইব্যুনাল অনুরূপ বৈশিষ্ট্য বা অংশকে নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করিবার অনুকূলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এই মর্মে শর্ত আরোপ করিতে পারিবে যে, ট্রাইব্যুনালের বিবেচনায় অনুরূপ স্বত্ব না থাকিবার কারণে স্বত্বাধিকারী অনুরূপ অংশের সম্পূর্ণ বা আংশিক ব্যবহারের একক অধিকার দাবি করিতে পারিবেন না, অথবা ট্রাইব্যুনাল উহার বিবেচনায় সংশ্লিষ্ট নিবন্ধনের আওতায় স্বত্বাধিকারীর অধিকার বা স্বত্ব সীমিতকরণে যেরূপ উপযুক্ত মনে করিবে সেরূপ দাবি পরিত্যাগের নির্দেশ প্রদান করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, যে ট্রেডমার্ক বিষয়ে দাবি পরিত্যাগ করা হইয়াছে সে ট্রেডমার্কের নিবন্ধন হইতে উদ্ভূত কোন অধিকার ব্যতীত অনুরূপ কোন দাবি পরিত্যাগ ট্রেডমার্কের স্বত্বাধিকারীর অন্য কোন অধিকারকে ক্ষুণ্ন করিবে না।