জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ১৩কমিশনের কার্যাবলি
দ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা
ধারা ১৩
13. কমিশনের কার্যাবলি কমিশন নিম্নবর্ণিত সকল বা যেকোনো কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (ক) এই আইনে সংজ্ঞায়িত মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘনের প্ররোচনা সম্পর্কিত বিষয়ে অবগত হইবার পর, যেকোনো ব্যক্তি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কিংবা স্বপ্রণোদিত হইয়া তদন্তপূর্বক প্রাথমিক সত্যতা উদঘাটন এবং এই আইনের অধীন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; (খ) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তকালীন বা পরবর্তী সময়ে যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা এবং যেকোনো স্থান, অফিস-আদালত, হাজতখানা বা আটককেন্দ্র পরিদর্শন; (গ) নারী, শিশু, প্রতিবন্ধী ও অন্যান্য সংকটাপন্ন (vulnerable) জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ ও বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং লঙ্ঘনের ক্ষেত্রে এই আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; (ঘ) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসমূহ তদন্তের পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে, মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা; (ঙ) মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও অভিযুক্তের নিকট হইতে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাকরণ; (চ) মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে সংবিধান বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন স্বীকৃত ব্যবস্থাদি পর্যালোচনা করা এবং উহাদের সংশোধন, সংযোজন, পরিবর্ধন, পরিমার্জন ও কার্যকর বাস্তবায়নের জন্য সরকারের নিকট সুপারিশ পেশ; (ছ) বাংলাদেশের আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ অথচ এই আইনের মানবাধিকারের সংজ্ঞায় সরাসরি অন্তর্ভুক্ত নয় এমন অধিকারসমূহের বলবৎযোগ্যতা সম্প্রসারণের জন্য সরকারের নিকট প্রয়োজনীয় সুপারিশ প্রদান; (জ) আন্তর্জাতিক মানবাধিকার দলিলের সহিত দেশীয় আইনের সাদৃশ্য ও সামঞ্জস্য পরীক্ষা করা এবং আন্তর্জাতিক মানের সহিত সমন্বয় নিশ্চিতকরণের স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সংশোধনী সুপারিশ করা; (ঝ) আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিসমূহ অনুসমর্থন বা উহাতে স্বাক্ষর প্রদানে সরকারকে পরামর্শ প্রদান এবং দেশীয় প্রেক্ষাপটে উহাদের বাস্তবায়ন নিশ্চিত করা; (ঞ) মানবাধিকার সংরক্ষণে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হয়রানি হইতে সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা; (ট) শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানে মানবাধিকার বাস্তবায়নে ভূমিকা পালন করা, মানবাধিকার বিষয়ে নিয়মিত গবেষণা ও গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করা এবং ইন্টার্নশিপ পরিচালনা করা; (ঠ) সমাজকে সচেতন করিবার লক্ষ্যে মানবাধিকার শিক্ষার প্রচার, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, প্রকাশনা ও অন্যান্য প্রচারমাধ্যমের সাহায্যে গণসচেতনতা বৃদ্ধি করা; (ড) সংশ্লিষ্ট বিষয়ে নাগরিক সংগঠন ও বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রমকে উৎসাহিত করা, উহাদের সহিত নিয়মিত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সমন্বয় সাধনের মাধ্যমে মানবাধিকার উন্নয়নে অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ করা।