জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ১৫অভিযোগের তদন্ত
তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার
ধারা ১৫
15. অভিযোগের তদন্ত (১) ধারা ১৪-এর অধীন কোনো অভিযোগ দায়ের বা তথ্য প্রাপ্তির পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কমিশনার স্বীয় বিবেচনায় আমলে নেওয়ার উপযুক্ত মনে করিলে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করিবেন: তবে শর্ত থাকে যে, অভিযোগ বা তথ্যটি প্রাথমিকভাবে ভিত্তিহীন মনে হইলে উল্লিখিত কমিশনার অভিযোগকারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শ্রবণ করিয়া লিখিত কারণ উল্লেখপূর্বক অভিযোগটি নথিজাত করিতে পারিবেন: আরও শর্ত থাকে যে, উক্ত কমিশনার যদি কোনো অভিযোগ আমলে না নিয়া তদন্তে প্রেরণ না করিবার সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে উল্লিখিত ১৫ (পনেরো) দিন অতিক্রান্ত হইবার পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে ভুক্তভোগী কমিশন বরাবর পুনর্বিবেচনার আবেদন করিতে পারিবেন এবং কমিশন পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত আবেদন শুনানি-অন্তে নিষ্পত্তি করিবেন এবং এইরূপক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। (২) তদন্তের আদেশ প্রাপ্ত হইবার পর তদন্ত কর্মকর্তা ৩ (তিন) মাসের মধ্যে তদন্তকার্য সমাপ্ত করিবেন, কোনো কারণে ইহা সম্ভব না হইলে, তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ক্ষমতাপ্রাপ্ত কমিশনার কারণ উল্লেখপূর্বক অতিরিক্ত ৩০ (ত্রিশ) দিন সময় বৃদ্ধি করিতে পারিবেন। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত সময়সীমার মধ্যে কোনো তদন্তকার্য সম্পন্ন না হইলে, কমিশন যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হইবার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা দায়ী, তাহা হইলে ইহা তাহার অদক্ষতা ও অসদাচরণ বলিয়া বিবেচিত হইবে এবং এই অদক্ষতা ও অসদাচরণ তাহার বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করা হইবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। (৪) এই আইনের অধীন তদন্তকার্য পরিচালনাকালে তদন্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধিতে উল্লিখিত একজন তদন্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন। (৫) তদন্তকার্য পরিচালনাকালে তদন্ত কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কমিশনে দায়েরকৃত অভিযোগে বা স্বপ্রণোদিত হইয়া প্রাপ্ত তথ্যে এমন ঘটনার উল্লেখ আছে যাহার প্রেক্ষিতে তাহার বিরুদ্ধে কোনো আমলযোগ্য অপরাধের মামলা দায়ের করা হইয়াছে, তাহা হইলে তিনি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারপূর্বক থানায় সোপর্দ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, গ্রেফতারের পর অভিযুক্ত ব্যক্তি মামলা-সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার অধীন ন্যস্ত হইবেন এবং এই আইনের অধীন নিযুক্ত তদন্ত কর্মকর্তা উক্ত মামলার অগ্রগতি পর্যালোচনা করিবেন এবং তিনি এই আইনের অধীন তাহার নিজস্ব প্রতিবেদন কমিশনে দাখিল করিবেন। (৬) উপ-ধারা (২) এ উল্লিখিত সময়সীমার মধ্যে তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা কমিশন বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করিবেন এবং ইহার ১ (এক) টি কপি অভিযোগকারী বরাবর প্রেরণ করিবেন।