Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ১৬অভিযোগ নিষ্পত্তি

বলবৎতৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার

তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার

ধারা ১৬

16. অভিযোগ নিষ্পত্তি (১) কমিশন, তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পর্যালোচনার জন্য একটি দিন ধার্য করিবে। (২) উক্ত ধার্যকৃত তারিখে কমিশন তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করিয়া নিম্নবর্ণিত যেকোনো সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে, যথা:- (ক) তদন্ত প্রতিবেদনে গুরুতর ত্রুটি পরিলক্ষিত হইলে কমিশন কারণ উল্লেখপূর্বক অধিকতর তদন্তের আদেশ দিতে পারিবে এবং অনুরূপ ক্ষেত্রে অধিকতর তদন্তের আদেশ প্রাপ্ত হইবার পর ২ (দুই) মাসের মধ্যে তদন্ত কর্মকর্তাকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করিতে হইবে; (খ) তদন্ত প্রতিবেদন প্রাথমিকভাবে সঠিক প্রতীয়মান হইলে কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে, কমিশন অভিযোগটি নথিজাত করিতে পারিবে; (গ) তদন্ত প্রতিবেদন প্রাথমিকভাবে সঠিক প্রতীয়মান হইলে এবং অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে, কমিশন সংশ্লিষ্ট সকল পক্ষকে দেওয়ানি কার্যবিধিতে উল্লিখিত পদ্ধতিতে নোটিশ প্রদান করিবে এবং পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উভয়পক্ষকে শুনানির দিন ধার্য করিবে। (৩) কমিশন, ধার্যকৃত তারিখে সংশ্লিষ্ট সকল পক্ষকে, বা যথাযথভাবে নোটিশ প্রদান করা সত্ত্বেও কোনো পক্ষ অনুপস্থিত থাকিলে তাহার বা তাহাদের অনুপস্থিতিতে, শুনানি করিবে এবং প্রথম শুনানির তারিখ হইতে ২ (দুই) মাসের মধ্যে শুনানি সম্পন্ন করিয়া অভিযোগ নিষ্পত্তি করিবে। (৪) শুনানি-অন্তে অভিযোগ সত্য প্রতীয়মান না হইলে, কমিশন কারণ উল্লেখপূর্বক অভিযোগটি নথিজাত করিবে। (৫) শুনানিতে অভিযোগ সত্য প্রতীয়মান হইলে, কমিশন- (ক) বিষয়টি একটি আপসঅযোগ্য ফৌজদারি অপরাধ হিসাবে প্রতীয়মান হইলে কিংবা প্রচলিত আইন বা ব্যবস্থায় কোনো আদালত বা অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক কমিশনের চাইতে বিষয়টির অধিকতর কার্যকর সুরাহা করা সম্ভব প্রতীয়মান হইলে উক্ত আদালত বা প্রতিষ্ঠানে তদন্ত প্রতিবেদন প্রেরণ করিবেন এবং পক্ষগণকে উক্ত আদালত বা প্রতিষ্ঠানে প্রেরণ করিবে; (খ) বিষয়টি দফা (ক) এর আওতাবহির্ভূত হইলে, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয়, শৃঙ্খলামূলক বা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করিতে পারিবে এবং কমিশনের সুপারিশ প্রাপ্তির তারিখ হইতে ২ (দুই) মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইহা বাস্তবায়ন করিয়া কমিশনকে অবহিত করিবে: তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে কমিশনের আদেশ বাস্তবায়নে বিশেষ কোনো অসুবিধা তৈরি হয়, সেইক্ষেত্রে সুপারিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনকে অবহিত করিবে এবং কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করিয়া যেই সুপারিশ প্রেরণ করিবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত সুপারিশ কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করিয়া কমিশনকে অবহিত করিবে: আরও শর্ত থাকে যে, দফা (খ) এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা সত্ত্বেও, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, কমিশন প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করিয়া উহার দ্বিগুণ বা উহার অতিরিক্ত ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাহার আইনানুগ প্রতিনিধি বরাবর প্রদানের নির্দেশ প্রদান করিতে পারিবে। (৬) কমিশন সংশ্লিষ্ট অভিযোগ, তদন্ত রিপোর্টের সারার্থ, উক্ত রিপোর্টের উপর কমিশনের সিদ্ধান্ত বা সুপারিশ এবং গৃহীত প্রতিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করিবে। (৭) উপ-ধারা (৫) এর দফা (ক) এর অধীন কমিশনের কোনো প্রতিবেদন কোনো আদালত বা প্রতিষ্ঠানে প্রেরণ করা হইলে উক্ত আদালত বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রচলিত আইন অনুসরণপূর্বক উপযুক্ত কার্যধারা গ্রহণ করিবে; এবং কমিশনের প্রতিবেদন উক্ত কার্যধারায় সাক্ষ্য আইনের অধীন সাক্ষ্য হিসাবে গণ্য হইবে। (৮) এই ধারার অধীন কমিশন কোনো অভিযোগ নথিজাত করিবার সিদ্ধান্ত গ্রহণ করিলে কিংবা অভিযুক্তের অভিযোগ আমলে নেওয়ার ক্ষেত্রে অভিযোগকারী বা অভিযুক্ত ক্ষেত্রমত পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে কমিশন বরাবর উক্তরূপ নথিজাত করিবার আদেশ পুনর্বিবেচনা করিবার আবেদন করিতে পারিবেন এবং কমিশন অনুরূপ আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ইহা নিষ্পত্তি করিবে।

End of ধারা ১৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬