স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬
ধারা ২২বিভাগীয় কার্যধারায় আরোপযোগ্য দণ্ড
পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ
ধারা ২২
22. বিভাগীয় কার্যধারায় আরোপযোগ্য দণ্ড (১) ইউনিটে পদায়িত কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা, আর্মড পার্সোনেল ও কর্মচারী বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত হইলে নিম্নবর্ণিত যে কোনো গুরুদণ্ড প্রদান করা যাইবে, যথা:- (ক) চাকরি হইতে বরখাস্ত; (খ) চাকরি হইতে অপসারণ; (গ) বাধ্যতামূলক অবসর; (ঘ) চাকরি হইতে অব্যাহতি; (ঙ) নির্দিষ্ট সময়ের জন্য পদাবনতি; (চ) নির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি বন্ধ; (ছ) অনূর্ধ্ব এক বৎসরের জ্যেষ্ঠতা বা বেতন ও ভাতাদি বাজেয়াপ্ত; এবং (জ) নির্দিষ্ট সময়ের জন্য বেতন বৃদ্ধি স্থগিত। (২) ইউনিটে পদায়িত কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা, আর্মড পার্সোনেল ও কর্মচারী বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত হইলে নিম্নবর্ণিত এক বা একাধিক লঘুদণ্ড প্রদান করা যাইবে, যথা:- (ক) অনূর্ধ্ব এক মাসের বেতনের সমপরিমাণ টাকা জরিমানা; (খ) তিরস্কার; (গ) অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) দিনের জন্য কোয়ার্টার গার্ডে আটক রাখা; (ঘ) অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) দিনের জন্য ব্যাটালিয়নে আটক রাখা এবং তৎসহ এক্সট্রা ড্রিল (Extra Drill), এক্সট্রা গার্ড (Extra Guard), ফ্যাটিগ (Fatigue) বা অন্য কোনো ডিউটি প্রদান; এবং (ঙ) দৈনিক ২ (দুই) ঘণ্টা করিয়া অনূর্ধ্ব ১৪ (চৌদ্দ) দিনের জন্য শাস্তিস্বরূপ ড্রিল (Drill) প্রদান। (৩) পুলিশ মহাপরিদর্শক বা মহাপরিচালক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পুলিশ সুপারের নিম্নে নহেন এইরূপ উর্ধ্বতন কর্মকর্তা, তাহার অধীনস্থ ইউনিটে পদায়িত কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা, আর্মড পার্সোনেল ও কর্মচারীকে উপ-ধারা (১) বা (২) এ উল্লিখিত যে কোনো এক বা একাধিক দণ্ড প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, উপ-ধারা (২) এর দফা (গ) হইতে (ঙ) এ উল্লিখিত দণ্ড কর্মকর্তা ও অধস্তন কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না: আরও শর্ত থাকে যে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (৪) আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান না করিয়া কোনো ইউনিট সদস্যকে এই ধারার অধীন কোনো দণ্ড প্রদান করা যাইবে না। (৫) ইউনিটের কোনো সদস্য, যাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বা যাহার বিরুদ্ধে কোনো তদন্ত কার্য পরিচালনা করা হইবে তাহাকে নিম্নবর্ণিত কর্তৃপক্ষ কর্তৃক সাময়িক বরখাস্ত করা যাইবে, যথা:- (ক) ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে সরকার কর্তৃক; (খ) পুলিশ পরিদর্শক বা সমপদমর্যাদার কর্মকর্তার ক্ষেত্রে পুলিশ মহাপরিদর্শক কর্তৃক; এবং (গ) অধস্তন কর্মকর্তা অথবা আর্মড পার্সোনেল বা কর্মচারীর ক্ষেত্রে মহাপরিচালক বা তদ্কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক।