বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ৬ত্রিপক্ষীয় চুক্তি
ধারা ৬
6. ত্রিপক্ষীয় চুক্তি (১) এই অধ্যাদেশের অধীন বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ চুক্তিনমুনা (Standard Contract Format) এবং উক্ত চুক্তির শর্তাবলি সরকার, প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারণ করিবে, এবং উক্ত চুক্তিতে, অন্যান্য বিষয়ের সহিত, নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথা:- (ক) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য উপযুক্ত স্থান গ্রাহকের ব্যবহারের অধিকার, ব্যবহারের শর্ত এবং স্বার্থ ও অধিকার সংরক্ষণ; (খ) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণের গুণগত মান, কারিগরি মানদণ্ড এবং নিরাপত্তা সংক্রান্ত শর্ত; (গ) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের ফলে সৃষ্ট ই-বর্জ্যের নিরাপদ সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার ও অপসারণ; (ঘ) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রপাতি ও উপকরণের মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার-অনুপযোগী হইবার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রস্তুতকারক, সরবরাহকারী বা সার্ভিস প্রোভাইডার কর্তৃক উহা ফেরত গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেক-ব্যাক স্কিম (Take-back Scheme) বাস্তবায়ন; (ঙ) উৎপাদিত বিদ্যুতের বণ্টন, গ্রাহকের ব্যবহার এবং উদ্বৃত্ত বিদ্যুতের ব্যবস্থাপনা; (চ) গ্রাহকের প্রাপ্য বা ব্যবহারের জন্য নির্ধারিত উৎপাদিত বিদ্যুতের ন্যূনতম অংশ বা অনুপাত এবং উহা নির্ধারণের পদ্ধতি; (ছ) গ্রাহকের নির্ধারিত বিদ্যুৎ-অংশের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য মূল্যহার, মূল্য নির্ধারণের পদ্ধতি এবং বিল পরিশোধের শর্ত: (জ) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মেরামত, যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিতকরণের দায়িত্ব; (ঝ) নেট-মিটারিংয়ের আওতায় বিদ্যুৎ বিল প্রস্তুত ও হিসাব সমন্বয়ের পদ্ধতি, প্রযোজ্য সার্ভিস চার্জ, বিল পরিশোধের সময়সীমা এবং অতিরিক্ত বা অপরিশোধিত অর্থের সমন্বয়; এবং (ঞ) চুক্তির শর্তাবলি প্রতিপালন, পক্ষগণের অধিকার ও দায়িত্ব, চুক্তির মেয়াদ, নবায়ন, সংশোধন ও অবসানের পদ্ধতি ও বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, এবং চুক্তির মেয়াদ শেষ হইলে বা অবসান ঘটিলে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও সংশ্লিষ্ট সম্পদের ব্যবস্থাপনা। (৩) উপ-ধারা (২)-এর অধীন নির্ধারিত আদর্শ চুক্তিনমুনা ও শর্তাবলি সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য প্রযোজ্য হইবে এবং চুক্তির কোনো শর্ত উক্ত আদর্শ চুক্তিনমুনা বা প্রযোজ্য আইন ও বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ হইবে না।