বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০
ধারা ৬কাউন্সিলের কার্যাবলী
ধারা ৬
6. কাউন্সিলের কার্যাবলী কাউন্সিলের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কমপিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহারে উত্সাহ দান করা; (খ) জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতে কমপিউটারের ব্যবহারিক কাঠামোর উন্নয়ন করা এবং কমপিউটার সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত মান উন্নীত করা; (গ) তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতার মোকাবেলা করার জন্য বাংলাদেশী নাগরিকগণকে উপযোগী করিয়া গড়িয়া তোলা; (ঘ) কমপিউটার সম্পর্কিত মানব-সম্পদ ও দক্ষতা বৃদ্ধি করিয়া উহা বিশ্ববাজারে রপ্তানী করার জন্য উত্সাহ দান করা; (ঙ) কমপিউটার এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে জাতীয় কৌশল ও নীতি নির্ধারণ করা ও উহা বাস্তবায়ন করা; (চ) কমপিউটার এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকার এবং অন্যান্য সংস্থার সহিত সহযোগিতা করা এবং তত্সম্পর্কে তাহাদিগকে পরামর্শ দান করা; (ছ) সরকার এবং বিভিন্ন সংস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার উত্সাহিত করা; (জ) তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত পরামর্শ দান করা; (ঝ) কমপিউটার ও তথ্য প্রযুক্তির জন্য প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও পরীক্ষাগার (ল্যাবরেটরী) নির্মাণ করা এবং উহাতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা এবং ঐগুলি সংরক্ষণ করা; (ঞ) তথ্য প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা, পর্যালোচনা করা এবং উহাদের প্রচারের ব্যবস্থা গ্রহণ করা; (ট) কমপিউটার এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রতিবেদন প্রণয়ন এবং প্রকল্প ও সাময়িকী প্রকাশ করা; (ঠ) কমপিউটার, তথ্য প্রযুক্তি এবং তত্সংক্রান্ত অন্যান্য বিষয়ের উপর আলোচনা ও কর্মশালার আয়োজন করা এবং তত্সম্পর্কে প্রশিক্ষণ পরিচালনা করা; (ড) তথ্য প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ পরিচালনার জন্য অনুদান প্রদান করা; (ঢ) তথ্য প্রযুক্তির ক্ষেত্রে জাতীয় লক্ষ্য অর্জনের স্বার্থে সংশ্লিষ্ট সকল সরকারী ও বেসরকারী এবং দেশীয় ও বিদেশী প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ স্থাপন করা ও সহযোগিতা করা; (ণ)কাউন্সিলের কার্যাবলী সম্পাদনের প্রয়োজনে, সরকারের পূর্বানুমোদনক্রমে দেশী ও বিদেশী যে কোন প্রতিষ্ঠানের সহিত চুক্তি সম্পাদন করা; (ত) কমপিউটার সংক্রান্ত কোন বিশেষ কর্তব্য পালনের জন্য সরকার কর্তৃক আদিষ্ট হইলে উহা পালন করা; (থ) কমপিউটার ও তথ্য প্রযুক্তির মান ও স্পেসিফকেশনস নির্ধারণ করা; (দ) উপরি-উক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ করা৷